জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেছেন, শাকসু নির্বাচন বন্ধের পায়তারা করছে ছাত্রদল। গতকাল নির্বাচন কমিশন ঘেরাও, আজ শাকসু নির্বাচন বন্ধের রিট এগুলোই তার প্রমাণ। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভয় পায়, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেও ভয় পায়। নিজেদের ব্যর্থতা তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো ভণ্ডুল করার মাধ্যমে ঢাকতে চায়। সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে, সর্বোপরি সারাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, তা পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকেই কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল।
আরিফ বলেন, “আমাদের দাবি স্পষ্ট শাকসু সংসদ নির্বাচন সময়মতোই হতে হবে। কোনো দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না। নির্বাচন বন্ধের এই হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জবাব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই দেবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য ,গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়। দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে আজ হাইকোর্ট এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।